আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত ও বিএনপি সমর্থিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং কমিশনার প্রার্থীদের বুধবারের পরিচিতি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

 

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার দুপুর ৩টায় এ পরিচিতি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।

 

এর আগে রোববার বিকালে এ অনুষ্ঠানের কথা গণমাধ্যমকে জানায় আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।

 

এদিকে মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুষ্ঠানের কথা জানান আদর্শ ঢাকা আন্দোলনের দফতরের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম প্রধান।

 

কিন্তু রাত ১২টার দিকে ফোনে এ অনুষ্ঠান স্থগিতের কথা প্রথম জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

 

এর পর আদর্শ ঢাকা আন্দোলনের দফতরের আরেক সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মিন্টু ফোনে অনুষ্ঠান স্থগিতের কথা জানান।

 

তিনি বলেন, অনিবার্য কারণবশত আগামীকালের (বুধবার) অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

 

জেএ