নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অবস্থান ধর্মঘটে বসেছেন ওবায়দুল কাদেরের ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর থেকে বসুরহাট বাজারের রূপালী চত্বরে এই কর্মসূটিতে আছেন তিনি। এর আগে তার নেতৃত্বে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে কাজের মির্জা সমর্থিত হাজারো নেতাকর্মী উপস্থিত হন।

সন্ধ্যায় কাদের মির্জা সাংবাদিকদের বলেন, “নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে না দেওয়া পর্যন্ত বঙ্গবন্ধু চত্বরে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের লোক’ বলে দাবি করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০মিনিটে তার ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে ফেইসবুক লাইভে এসে এসব কথা বলেন।

২৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে একরামুল করিম চৌধুরী বলেন, “দেশী মানুষ, আসসালামু আইলাইকুম। আজ আমি কথা বললে মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে এসেছে। তার ভাই শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে আরো কথা বলবো।”

পরে তার বক্তব্য নিয়ে প্রতিবাদ শুরু হলে তাৎক্ষণিক ফেইসবুক আইডি থেকে ভিডিওটি সরিয়ে নেন। ভিডিওটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এমবি