বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হলে তার জন্য নির্ধারিত বগুড়া-৭ আসনে বিকল্প প্রার্থী হিসেবে লড়বেন গাবতলি উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। 

বুধবার তিনি রিটার্নিং অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মোর্শেদ মিল্টন মনোনয়ন জমা দিয়েছেন।

এর আগে বগুড়া-৬ আসনে খালেদা জিয়া বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এটি ছাড়াও মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকেও লড়বেন।

ফেনী-১ আসনে খালেদা জিয়া বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আবদুল আউয়াল মিন্টু।

উচ্চ আদালতের রায়ে খালেদা জিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ আটকে গেছে।

আদালত বলছেন, দুই বছরের বেশি সাজার দণ্ড হলে ওই ব্যক্তি ভোটে অংশ নিতে পারবেন না।

আদালতের এই আদেশের ফলে বিএনপির চেয়ারপারসনসহ বিএনপি ও আওয়ামী লীগের ১২ থেকে ১৫ জনের ভোটে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

ঘোষিত তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ ২৮ নভেম্বর। ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।

এসএম