বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই জনগণের সুবিধা ও স্বার্থকে অগ্রাহ্য করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে।
জনস্বার্থকে তাচ্ছিল্য করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারী মাসে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বেশ কয়েক দফা বিদ্যুতের দাম বৃদ্ধি করে বিদ্যুতের সাধারণ গ্রাহক শ্রেণীর ওপর অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা চাপানো হয়।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনদের লুটপাটের স্বর্গরাজ্য বানানো হয় বিদ্যুৎ সেক্টরকে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকারের ঘনিষ্ঠজনেরা বিদ্যুৎ সেক্টরকে ধবংস করে এখন তারা সবচেয়ে গরীব, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত গ্রাহকদের ওপর বিদ্যুতের দাম বৃদ্ধি করছে।  
বিদ্যুৎ জনজীবনের জন্য অপরিহার্য, তাই এই খাতকে নিয়ে ছিনিমিনি খেলতে তারা কখনো কার্পন্য করেনি বলেও মন্তব্য করেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, বর্তমান ক্ষমতা জবরদখলকারি সরকার মূলত: জনগণকেই শত্রুপক্ষ বানিয়ে তাদের ওপর শোষণ, জুলুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। এরা জনসমর্থনহীন, তাই জনগণের নিকট তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা কোনো কিছুর পরোয়া করছে না।
[b]ঢাকা, এমএইচ, ৫মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]