জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (২৭ নভেম্বর) বুধবার ভোর রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে।

ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানা পুলিশের একজন কর্মকর্তা।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে রণাঙ্গনের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধের প্রজন্ম জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল বের করে।

মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, শওকত মাহমুদ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ, শাহ মোহাম্মদ আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এরপর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও বেশকিছু গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এমবি