পাকিস্তান হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ করার বিষয়টি কোনো ভাবেই মেনে নেয়া যায় না। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত কড়া ভাষায় এর প্রতিবাদ কড়া।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমসান নিজামীর ফাঁসির রায়ের পর সুপ্রিম কোর্টে নিজামীর রিভিউ আবেদন খারিজ করার পর একটি নিন্দা প্রস্তাব পাস করে পাকিস্তানের জাতীয় সংসদ।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম আরো বলেন, আন্তর্জাতিক মহলের ইশারায় জামায়াত-বিএনপি দেশকে অস্থিতিশীল করার জন্য হরতাল দিয়ে নৈরাজ্য চালাচ্ছে। আওয়ামী লীগ সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, এই আন্তর্জাতিক মহল একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতার বিরোধীতা করে আমাদের পরাধীন করে রাখতে চেয়েছিল। তাই এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রতিবাদ সভা শেষ করে একটি মিছিল বের করে কয়েকটি সড়ক পদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
ইআর





