সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি বলে বক্তব্য দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে আদালতের তলবে হাইকোর্টে হাজির হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ তিনজন। গত ৭ এপ্রিল স্বপ্রণোদিত হয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদেরকে তলব করেন।
রোববার ২০ এপ্রিল তাদেরকে হাইকোর্টে হাজির হয়ে হলফনামা আকারে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আদেশ ছিলো। গয়েশ্বর ছাড়া বাকি দুই জন হচ্ছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ সভাপতি অধ্যাপক ডা. এম সালাম ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।
গত ৭ এপ্রিল আদালত এই রুলও জারি করেন। রুলে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের সহ সভাপতি অধ্যাপক ডা. এম সালাম ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে  এক মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না। বিচারকরা একটি নির্দিষ্ট জায়গার ইশারায় রায় লেখেন বলেও মন্তব্য করেন তিনি।
মতপ্রকাশের স্বাধীনতা, আমার দেশ পত্রিকাসহ সব বন্ধ মিডিয়া খুলে দেওয়া ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ড্যাবের সহ সভাপতি অধ্যাপক ডা. এম সালাম ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]