পুলিশী হেফাজতে রাজনীতিকদের মৃত্যুকে রাষ্ট্রীয় সন্ত্রাস উল্লেখ করে অবিলম্বে বিনা বিচারে মানুষ হত্যা, বোমা মেরে মানুষ পোড়ানো রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন প্রকৌশলীরা।
এজন্য তারা অবিলম্বে সংলাপের মাধ্যমে সংকট নিরসন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহবান জানান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০১৫) জাতীয় প্রেস ক্লাবের ভিআইবি লাউঞ্জে ‘চলমান সংকট নিরসনের উপায়’ শীর্ষক এক সেমিনারে তারা এ আহবান জানান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএফ)এ সেমিনারের আয়োজন করে।
সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনা সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমীন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসূফ হায়দার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ওবায়েদুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রফেসর ডাঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, মফস্বল মানবাধিকার সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী।
এসএইচ





