নিজ দেশের মাটিতে হতাশার বিশ্বকাপের পর জয়রথ থামেনি ব্রাজিলের। বিশ্বকাপ আর কোপা আমেরিকার মাঝে টানা ১০ ম্যাচেই জয় পেয়েছে দলটি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে পোর্তো আলেগ্রেতে কোপা আমেরিকার জন্য সর্বশেষ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য মেক্সিকোর বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি ব্রাজিলের সেরা তারকা নেইমার। অবশেষে হন্ডুরাসের বিপক্ষে হলুদ জার্সিতে প্রস্তুতিটা সেরে নিলেন তিনি।

তবে ম্যাচটিতে নেইমারের গোলে জয় পায়নি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে এই তারকাকে নামিয়েছেন কোচ দুঙ্গা। কিন্তু প্রথমার্ধে দলকে লিড এনে দিয়েছেন রবার্তো ফিরমিনো।

৩৩তম মিনিটে চেলসি ফুলব্যাক ফিলিপে লুইস নিজের অর্ধ থেকে বল নিয়ে এসে কৌতিনিয়োর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাড়ান ফিরমিনোকে। এগিয়ে আসা গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠিয়ে দেন হফেনহাইমের এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে পেরুর বিপক্ষের ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে ব্রাজিল। 'সি' গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া ও ভেনেজুয়েলা।

জেডআই