জয়ের জন্য শেষ ওভারে চিটাগং ভাইকিংসের দরকার ১৯ রান। কিন্তু ফ্রাইলিংক ও নাঈম ইসলাম মিলে নিতে পারলেন ১৮। ম্যাচ টাই! কিন্তু নাটকীয়, অবিশ্বাস্য ও উত্তেজনায় ভরা এই ম্যাচের গিঁট তো খুলতে হবে।
নিয়ম অনুযায়ী খেলা তাই গড়ায় সুপার ওভারে। বিপিএলের ইতিহাসে প্রথম সুপার ওভার। আর এক ওভারের এই যুদ্ধে খুলনাকে ১ রানে হারিয়েছে চিটাগং। ওদিকে টানা চার ম্যাচেই জয়শূন্য রইল খুলনা টাইটানস।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে খুলনা করে ১৫১ রান। জবাবে চিটাগংয়ের ইনিংসও থেমে যায় সমান রানে। তাই নিষ্পত্তির জন্য খেলা গড়ায় সুপার ওভারে।
যদিও ম্যাচে ইয়াসির আলী (৪১) ও মুশফিকুর রহিমের (৩৪) ব্যাটিং দেখে একপর্যায়ে মনে হয়েছিল সহজেই জিতবে চিটাগং। কিন্তু শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। অবশ্য শেষ পর্যন্ত জয়ের উল্লাস তারাই করে।
এর আগে খুলনা টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৪১ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। এর পরই তৃতীয় উইকেটে দাউদ মালন ও মাহমুদউল্লাহ দারুণ একটি পার্টনারশিপ গড়ে দলকে ভালো রান গড়ে দিতে রাখে মূল্যবান অবদান।
মালান ৪৩ বলে ৪৫ রান করেন। আর অধিনায়ক মাহমুদউল্লাহ খেলেন ৩৩ রানের চমৎকার একটি ইনিংস। এর আগে জুনায়েদ সিদ্দিকী ২০ ও পল স্টারলিং ১৮ রান করেন।
চিটাগং বোলারদের মধ্যে তরুণ নাঈম হাসান দুর্দান্ত বল করেছেন। নাঈম চার ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট তুলে নেন। এ ছাড়া সানজামুল ইসলাম দুটি এবং আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ পান একটি করে উইকেট।
এএস





