দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল হজম- রিয়াল মাদ্রিদ শিবিরে পরাজয়ের শংকা।প্রথমার্ধের অসাধারণ সব চেষ্টা বিফল হয়েছে আগেই, পরাজয় তখন সময়ের ব্যাপার মাত্র।

তখনই জ্বলে উঠলেন জিনেদিন জিদানের শিষ্যরা। রোনাল্ডো, বেল আর মোরাতা তাদের অদম্য চেষ্টায় স্বাগতিক ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের অসাধারণ ও রোমাঞ্চকর জয়ে নিয়ে লা লীগার শীর্ষেই থাকল রিয়াল ।

রোববার রাতে রিয়াল-ভিয়ারিয়ালের ম্যাচের আগে অবশ্য অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে নাটকীয় জয়ে কিছু সময়ের লিগ টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা।

ভিয়ারিয়ালের জালে বল জড়াতে প্রথমার্ধে হাড়ভাঙা খাটুনি হয় রিয়াল সদস্যদের। ৫০তম মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। প্রায় ১৬ গজ দূর থেকে কোনাকুনি জোরালো হাফ ভলিতে নাভাসকে পরাস্ত করেন স্পেনের মিডফিল্ডার মুনোস। পাঁচ মিনিট পরেই দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে দলটি।

ব্রুনোর লম্বা পাসে ডি-বক্সে ঢুকেই নিচু শটে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড বাকাম্বু।

৬৪ মিনিটে ডান দিক থেকে দানিয়েল কারবাহালের ক্রসে হেড করে ব্যবধান কমান বেল। এরপর ৭৪তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। ডি-বক্সের মধ্যে ব্রুনোর হাতে বল লাগলে পেনাল্টি পেয়েছিল অতিথিরা।

এই গোলের কল্যাণে লিগে রোনাল্ডোর গোল হয় ১৬টি। অন্যদিকে ২০ গোল নিয়ে তালিকার শীর্ষে লিওনেল মেসি। ১৮ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন লুইস সুয়ারেজ।

সর্বশেষ ৮৩তম মিনিটে মার্সেলোর দারুণ ক্রসে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন বেনজেমার বদলি নামা মোরাতা।

এই জয়ে ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৫। আর বার্সেলোনার পয়েন্ট ২৪ ম্যাচে ৫৪। ৫২ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে তৃতীয় অবস্থানে।

নাজিব