আর এক দিন পর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের যষ্ঠতম আসর। অর্থ্যাৎ আগামী ৫ জানুয়ারী শুরু হতে যাচ্ছে বিপিএল।

ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো। আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররাও।

এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারণ করে দিয়েছে বিপিএলের টিকিট মূল্য এবং কোথায় পাওয়া যাবে টিকিট। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসরের টিকিট বিক্রি।

টিকিট পাওয়া যাবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত। শুরুতে গ্রুপ পর্বের টিকিট বিক্রি হবে তিন ধাপে। প্রথম ধাপের পর ২০ জানুয়ারি দ্বিতীয় ধাপের এবং ৩১ জানুয়ারি থেকে শেষ ধাপের টিকিট পাওয়া যাবে।

অনলাইনে টিকিট কেনা যাবে Shohoz.com ও Ucash এর মাধ্যমে। এছাড়াও কেনা যাবে টিকিট বুথ থেকে।

এছাড়াও পাওয়া যাবে মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথ ও শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথে। সিলেটে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অথবা সিলেট বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন বুথে। চট্টগ্রাম পর্বের টিকিট পাওয়া যাবে এম আজিজ স্টেডিয়ামে এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিট বুথে।

তিনটি ক্যাটাগরিতে বিক্রি হবে টিকিট। শেড ছাড়া দেওয়া গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা, শেড দেওয়া গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০০ টাকা।

এই মূল্য শুধু প্রাথমিক পর্বের জন্য। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের টিকিটের মূল্য পরে জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জেড