পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের মা মারা গেছেন। সোমবার দিন যেয়ে রাতে করাচির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলেকে ছেড়ে চিরতরে পাড়ি জমান পরপারে।

মঙ্গলবার প্রথম প্রহরে সোশ্যাল মিডিয়া টুইটারে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খোদ আমির নিজেই। পোস্টে তিনি লিখেছেন, আমার মা আর নেই।

এর আগে গেল সোমবার রাতে নিজের মায়ের অসুস্থতার খবর জানান ২৬ বছর বয়সী পেসার। আরেকটি টুইটবার্তায় তিনি লেখেন, আমার মায়ের অবস্থা ভালো নয়। তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। আপনাদের দোয়া কামনা করছি।

এদিকে আমিরের মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রিকেটাঙ্গনে। ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ, পেসার ওয়াহাব রিয়াজ, উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল, আহমেদ শেহজাদ, সামি আসলাম, আমির ইয়ামিন, আফগানিস্তানের স্পিনার রশিদ খান, পাকিস্তান মহিলা ক্রিকেট দলের সানা মীর, সাইয়্যেদা নাইন আবেদি।

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ সমবেদনা জানিয়ে টুইটে লিখেন, আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে দর্য্য ধরার শক্তি দিক এবং আপনার আম্মিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন

ওয়াহাব রিয়াজ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করবেন। অনেক দোয়া।

আফগান ক্রিকেটার রাশিদ খান বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, আল্লাহ তাকে সবচেয়ে উচ্চ জান্নাত দান করেন এবং আল্লাহকে ভালবাসেন এমন জিনিসের মধ্যে তাকে স্থান দেন। আল্লাহ তোমাকে ও তোমার পরিবারকে ধৈর্য্য দান করুন।

চলতি পিএসএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন আমির। প্রথম ম্যাচেই নিয়েছিলেন ২৫ রানে ৪ উইকেট। মায়ের মৃত্যুর পর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তিনি আর খেলবেন কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এএস