চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে ঠিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে সেমিফাইলালে ওঠার লড়াইয়ে জয় ছাড়া কিছু ভাবছে না বদলে যাওয়া জিম্বাবুয়ে দল। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। কিন্তু পাওয়ার প্লেতেই সৌম্য সরকার ও লিটন দাসের উইকেট হারিয়ে বেশ চাপে রয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৪১ রান। ওপেনার নাজমুল হোসেন শান্ত ২১ ও অধিনায়ক সাকিব ৬ রানে ব্যাট করছেন।

আজ রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ওভারে রিচার্ড এনগারাভাকে ক্লিপ করে দৃষ্টিনন্দন একটি বাউন্ডারি মেরে ভাল কিছুর ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে প্রথম ওভারে ৫ রানের বেশি আসেনি। দ্বিতীয় ওভারের প্রথম বলে আবারও বাউন্ডারি মারেন শান্ত। কিন্তু ওই ওভারেই উইকেট হারায় টাইগাররা।

জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে শেষ মুহূর্তে খেলার চেষ্টা করেছিলেন সৌম্য সরকার। কিন্তু ব্যাটের কানায় লেগে চলে যায় সোজা উইকেটকিপার রেজিস চাকাভার হাতে। ফলে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। বিদায়ের আগে নামের পাশে কোনো রান যোগ করতে পারেননি এই ওপেনার।

ওয়ান ডাউনে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান লিটন দাস। কিন্তু সেই মুজারাবানির বলেই সাজঘরের পথ ধরেন তিনি। অফ স্টাম্পের বাইরে সরে গিয়ে মুজারাবানির বল স্কুপ করতে যান লিটন। কিন্তু বল ব্যাটের উল্টো দিকে লেগে টপ-এজড হয়েছেন। শর্ট থার্ডম্যানে লিটন ধরা পড়েছেন। বিদায়ের আগে ১২ বলে ৩ বাউন্ডারিতে ১৪ রান করেছেন তিনি। ফলে পাওয়ার প্লেতে দ্বিতীয় উইকেট হারিয়ে ৩২ রান আসে বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন।

এবিএস