হাড্ডাহাড্ডি লড়াইয়ে আয়ারল্যান্ডের জয়
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছে আয়ারল্যান্ড। বুধবার ব্রিসবেনের গ্যাবায় দুই উইকেটে জয় পেয়েছে তারা।
সংযুক্ত আরব আমিরাতের দেয়া ২৭৮ রানের জবাবে চার বল হাতে থাকতে জয় তুলে নেয় আয়ারল্যান্ড। এটি আইরিশদের দ্বিতীয় জয়। ফলে দুই ম্যাচে পূর্ণ চার পয়েন্ট নিয়ে পুল 'বি'তে তৃতীয় স্থানে আছে দলটি।
এদিন জবাবে ব্যাট করতে নেমে শতরান পূর্ণ হওয়ার আগে ২৬তম ওভারে ৪র্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড।
দ্রুতই সাজঘরে ফিরে যান উইলিয়াম পোর্টারফিল্ড (৩৭), পল স্টার্লিং (৩), এড জয়েস (৩৭) ও নায়াল ও’ব্রায়ান (১৭)।
তবে দলের হাল ধরেন অ্যান্ডু বালবিরনি ও গ্যারি উইলসন। তাদের জুটি থেকে আসে ৭৪ রান। বালবিরনি ৩০ রান করে আউট হলে ক্রিজে আসেন কেভিন ও'ব্রেইন।
শুরু থেকেই মারমুখী ব্যাটিং করে মাত্র ২৫ বলে আটটি চার ও দুটি ছক্কায় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কেভিন। ৫০ রান করে তিনি বিদায় নিলেও গ্যারি উইলসন মাঠে টিকে ছিলেন। অষ্টম উইকেটে মাঠ থেকে বিদায় নেয়ার আগে ৮০ রান করেন এই ব্যাটসম্যান।
উইলসন যখন মাঠ থেকে বিদায় নেন তখন জয়ের জন্য মাত্র ১১ রান দরকার ছিল। হাতে ছিল ১৫ বল ও দুটি উইকেট। আরব আমিরাত উইকেট শিকারের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন আয়ারল্যান্ডের কুসাক (৫) ও ডকরেল (৭)।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৮ রান করে সংযুক্ত আরব আমিরাত।
আন্দ্রি ব্যারেঙ্গারের সঙ্গে ৪৯ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন আমজাদ আলি। ব্যারেঙ্গারের বিদায়ে ১১.৩ ওভার স্থায়ী এই জুটি ভাঙার পর ছোটখাটো এক ধসে চাপে পড়ে আরব আমিরাত।
বিনা উইকেটে ৪৯ থেকে দলটির স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৮ রান।
২১তম ওভারের শেষ বলে ক্রিজে আসেন আনোয়ার। পঞ্চম উইকেটে খুররম খানের সঙ্গে ৪৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন তিনি। খুররমের বিদায়ের পর রোহান মোস্তফা তাকে দ্রুত অনুসরণ করলে আবার চাপে পড়ে আরব আমিরাত।
১৩১ রানে ছয় উইকেট হারানো আরব আমিরাত লড়াইয়ের পুঁজি গড়ে আনোয়ার ও আমজাদ জাভেদের রেকর্ড জুটির সৌজন্য। বিশ্বকাপে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন এই দুই জনে।
আনোয়ার-জাভেদের ১০৭ রানের জুটি ভাঙার কৃতিত্ব ম্যাক্স সরেনসেনের।
সপ্তম উইকেটে বিশ্বকাপে আগের সর্বোচ্চ ছিল রিডলি জ্যাকবস ও রামনরেশ সারওয়ানের। ২০০৩ সালের আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে জুটি গড়েছিলেন এই দুই জনে।
জাভেদ ফিরে গেলেও দলকে এগিয়ে নিতে থাকেন আনোয়ার। ৪৯তম ওভারে ফেরার আগে প্রথম ওয়ানডে শতকে পৌঁছান এই ডানহাতি ব্যাটসম্যান। ৮৩ বলে খেলা তার ১০৬ রানের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ১০টি চার ও ১টি ছক্কায়।
আয়ারল্যান্ডের পল স্টার্লিং, আলেক্স কুসাক, সরেনসেন ও কেভিন ও'ব্রায়ান দুটি করে উইকেট নেন।
জেডআই





