বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধটাই মনে হয় নিল আর্জেন্টিনা। তাই বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে স্বাগতিক জার্মানিকে ৪-২ গোলের বড় হারের লজ্জা দিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালের মাত্র ৫২ দিন পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানিকে এই হারের মুখ দেখালো মারিয়া-আগুয়েরার আর্জেন্টিনা।

কদিন আগের মারাকানার মহারণে আর্জেন্টিানাকে কাঁদিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে কাপ ছিনিয়ে নিয়ে যায় টমাস মুলার-ক্লোসাদের জার্মানি। কিন্তু সে-ই কাপ নিয়ে যাওয়া জার্মানিকেই মাত্র দেড় মাসের মাথায় পেয়ে গেলে আর্জেন্টাইনরা। না হোক বিশ্বকাপ, তাতে কী, প্রতিশোধ নিতে ক্ষতি কী? হ্যাঁ, প্রতিশোধটা নিয়েই ছেড়েছে মেসির সতীর্থরা।

আলেসান্দ্রো সাবেলার কাছ থেকে আলবেসেলেস্তিদের দায়িত্ব নিয়ে প্রথম মিশনেই দেশবাসীকে দারুণ এক জয় উপহার দিলেন বার্সেলোনার সাবেক কোচ টাটা মার্টিনো। সেটা বিশ্বকাপ ফাইনালের হারের জ্বালা জুড়িয়ে, একেবারে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে। অথচ ইনজুরির কারণে এদিন খেলতেই পারেননি আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। উপস্থিত ছিলেন না এজকুয়েল লাভেজ্জিও।

এই অবস্থায় মিডফিল্ড ত্রয়ী অ্যাঞ্জেল ডি মারিয়া, এরিক লামেলা ও হাভিয়ের মাসচেরানোকে দিয়ে আক্রমণ ভাগ সাজান মার্টিনো। তাতেই চূর্ণ জার্মান দর্প। কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার রক্ষণে বারবার হামলে পড়লেও ফিনিশিং টাসে খুব বেশি বিচক্ষণতা দেখাতে পারেনি মারিও গোমেজ ও মার্কো রেউসরা। তাই বল দখলে আধিপত্য থাকলেও প্রথমে গোল হজম করতে হয় জোয়াকিম লো’র শিষ্যদেরই।

খেলার ২০ মিনিটে আসে সেই মূহুর্তটি। যখন পাবলো জাবালেতার নিকট থেকে বল পেয়ে আলতো ছোঁয়ায় সার্জিও আগুয়েরোকে বল পাঠান ম্যানইউয়ের রেকর্ড সাইনিং ডি মারিয়া। সেই বলটিতে আলতো লব করে ম্যানুয়েল ন্যুয়ারকে ফাঁকি দেন ম্যানসিটি ফরোয়ার্ড। লিড পায় আর্জেন্টিনা। বিরতির আগে খেলার ৪০ মিনিটে এরিক লামেলার ঝলক। এবারে গোলের কাঠিটা নাড়েন ডি মারিয়া’ই। অর্থাৎ, তার পাসেই স্কোরলাইন ২-০ হয়।

দ্বিতীয়ার্ধ থেকে ফিরেও অব্যাহত থাকা আর্জেন্টিনার গোল উচ্ছ্বাস। খেলার ৪৭ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটিও করেন সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার। যা থেকে চমৎকার এক হেডে আলবেসেলেস্তিদের তৃতীয়বার এগিয়ে নেন ফেদরিকো ফার্নান্দেজ। এরপর আর পেছনের কারিগর থাকেননি ডি মারিয়া। বিরতির পাঁচ মিনিট বাদে জার্মানির জালে চতুর্থ গোলটি জড়িয়ে দেন ৮৮ মিলিয়ন দামের এই ফুটবলার।

তবে চার গোলের লিড পাওয়ার পর যেন এক প্রকার আলস্য পেয়ে বসে আর্জেন্টিনাকে। তাই কিছুটা আলগা হয়ে পড়ে লাতিন আমেরিকার দেশটির রক্ষণ। এই সুযোগটি নেন জার্মানি দলের চেলসি উইঙ্গার আন্দ্রে শুরলে। খেলার ৫২ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ এক গোল করেন ব্লুজ ফুটবলার। এরপর শেষ বাঁশি বাজার ১২ মিনিট আগে মারিও গোটশে হারের ব্যবধানটা আরো কমান। সূত্র: গোল ডটকম

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ