কক্সবাজার স্টেডিয়ামে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়ে ‘এ’ দলের ইনিংসে ধস নামিয়েছেন সাকলায়েন সজিব। প্রথম ইনিংসে ৯ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন রাজশাহীর এই স্পিনার।

প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে ১৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন সাকলায়েন সজিব। সাকলায়েনের ঘূর্ণিতে সফরকারী জিম্বাবুয়ে দল দ্বিতীয় ইনিংসে ১০৮ রানে গুটিয়ে যায়। এর আগে প্রথম ইনিংসে ২০৬ রান করে সফরকারীরা।

জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ২১১ রানেই আটকে যায়। ৫ রানের লিড নেয় স্বাগতিক দল। সোমবার ৩ উইকেটে ১৬২ রান নিয়ে দিন শেষ করে টাইগাররা। অপরাজিত ছিলেন রকিবুল হাসান ও নাঈম ইসলাম। মঙ্গলবার ৪৯ রান যোগ করতেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। বল হাতে ওয়েলিংটন মাসাকাদজা ৬টি ও মুতোমাজ্জি ৪টি উইকেট নেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার লিটন কুমার। এছাড়া রকিবুল হাসান ৪৩ ও সাদমান ইসলাম ৪০ রান করেন।

৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে সাকলায়েন সজিবের ঘূর্ণিতে ১০৮ রানে শেষ সফকারীদের ইনিংস। সাকলায়েনের ৬ উইকেটের সঙ্গে তরুণ স্পিনার জুবায়ের হোসেন লিখন ৪টি উইকেট নেন।

১০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৪৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম (৬)। ২৭ রানে লিটন কুমার ও ১০ রানে মার্শাল আইয়ুব দিন শেষ করেছেন।

জয়ের জন্য শেষ দিনে ৬১ রান প্রয়োজন বাংলাদেশের।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই