আইসিসি নারী বিশ্বকাপ-২০১৭ এর বাছাইপর্বের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে রুমানা আহমেদরা।

এদিন প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে ১৪৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ক্লেয়ার শিলিংটন ৩৭ ও লরা ডেলানি ৩৭ রান করেন। বাংলাদেশের পক্ষে জাহানারা আলম ৩টি, পান্না ঘোষ ২টি, রুমানা আহমেদ ২টি, খাদিজা তুল কুবরা ২টি ও সালমা খাতুন ১টি করে উইকেট নেন।

পরে ১৪৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন শারমিন আখতার। এছাড়া ফারজানা হক ৩৪ ও রুমানা আহমেদ ২৪ রান করে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে সিয়ারা মেটকাফে ১টি ও গ্যাবি লিউইস ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশের জাহানারা আলম।

সুপার সিক্স পর্বে বাংলাদেশ আর দুইটি ম্যাচ খেলবে। আগামী ১৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে রুমানা আহমেদরা।   

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড নারী দল: ১৪৪ (৪৭.১ ওভার)

 (মেগ কেন্ডাল ১৬, সিসেলিয়া জয়েস ৩, কিম গার্থ ০, ক্লেয়ার শিলিংটন ৩৭, লরা ডেলানি ৩৭, ইসোবেল জয়েস ২৪, গ্যাবি লিউইস ০, ম্যারি ওয়ালড্রন ১১, রবিন লিউইস ০, লুসি ও’রেইলি ৪, সিয়ারা মেটকাফে ০*; জাহানারা আলম ৩/২১, পান্না ঘোষ ২/১৬, রুমানা আহমেদ ২/৫০, খাদিজা তুল কুবরা ২/২৬, সালমা খাতুন ১/২৯ )

বাংলাদেশ নারী দল: ১৪৫/৩ (৩৯.১ ওভার)

 (শারমিন সুলতানা ২২, শারমিন আখতার ৫২, সানজিদা ইসলাম ২, ফারজানা হক ৩৪*, রুমানা আহমেদ ২৪*; সিয়ারা মেটকাফে ১/৩৩, গ্যাবি লিউইস ১/৩১)

এমই