ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ সামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের মধ্যে বাগযুদ্ধ থেমে নেই। তবে এরমধ্যেই মঙ্গলবার দেশটির ক্রিকেট বোর্ডের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করতে যাচ্ছেন বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমার। যে প্রতিবেদনের ভিত্তিতেই নির্ধারিত হবে সামির ক্রিকেট ভবিষ্যৎ।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

সমির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহান একটি রেকর্ড করা ফোনকল প্রকাশ করেছিলেন। যেখানে সামিকে বলতে শোনা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে দুবাইয়ে এক মুহাম্মদ ভাইয়ের পাঠানো অর্থ নিতে তিনি পাকিস্তানের নাগরিক আলিশবার সঙ্গে দেখা করেছিলেন।

এর পরেই প্রথমে মুহাম্মদ সামির সঙ্গে নয়াদিল্লিতে পরে কলকাতায় এসে লালবাজারে হাসিন জাহানের সঙ্গে কথা বলে বোর্ডের দুর্নীতি দমন শাখা।

সামি-হাসিন ছাড়াও ভারতীয় দলের সঙ্গে যুক্ত কয়েক ব্যক্তির সঙ্গে দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন।

মঙ্গলবার সেই তদন্ত প্রতিবেদনই বোর্ডের হাতে তুলে দেবেন দুর্নীতি দমন শাখার প্রধান।

প্রতিবেদনে সামি নির্দোষ প্রমাণিত হলে তার ক্রিকেট জীবন ধাক্কা খাওয়ার আশঙ্কা নেই। তিনি ফের বোর্ডের চুক্তির আওতায় চলে আসবেন। ভারতীয় ক্রিকেটমহল তাই মুখিয়ে রয়েছে, নীরজ কুমারের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায়।

তবে সামির বিরুদ্ধে তার স্ত্রী মানসিক ও শারীরিক নির্যাতনসহ যে একাধিক অভিযোগ করেছিলেন, সেই তদন্ত বোর্ডের দুর্নীতি দমন শাখার আওতাভুক্ত নয়।

এমআর