লা লিগায় বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার স্টেডিও কুইদাদ ডি ভ্যালেন্সিয়ায় লেভান্তেকে ৫-০ গোলে হারিয়েছে কোচ কার্লো আনেচেলোত্তির শিষ্যরা।

এই ম্যাচে জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ৬টি জয়ের বিপরীতে দুটি ম্যাচে হেরে ১৮ পয়েন্ট অর্জন করেছে। এদিকে সমান ম্যাচে ৭টি জয় ও একটি ড্রতে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। তবে গত মৌসুমের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ ৭ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।

ম্যাচটিতে ক্রিস্টিয়ানো রোনালদো তার ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে দুই গোল করেছেন। খেলার মাত্র ১৩ মিনিটেই সফরকারীদের এগিয়ে দিয়েছিলেন রোনালদো। হুয়ানফ্র্যান ডি বক্সের ভিতর জেভিয়ার হার্নান্দেজকে ফাউল করে বসলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে রিয়ালকে এগিয়ে দেন সিআর সেভেন।

৩৮ মিনিটে হেডের সাহায্যে মেক্সিকান স্ট্রাইকার হার্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পরে ৬১ মিনিটে বাম উইং থেকে দারুণ এক গোলের মাধ্যমে আট ম্যাচে নিজের ১৫তম গোল পূর্ণ করেন পর্তুগীজ উইঙ্গার। ৬৫ মিনিটে হামেস রদ্রিগেজ ভলির সাহায্যে চতুর্থ ও ৮২ মিনিটে ১৮ মিটার থেকে দলের পক্ষে পঞ্চম গোল করেন ইসকো।

জেডআই