ব্রাজিল বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লুইস ফিলিপ স্কলারি। এই দলের আর্থিক মূল্য নাকি অর্ধ বিলিয়ন ইউরো। ব্রাজিলের অর্থনীতি বিষয়ক দৈনিক ভ্যালর বৃহস্পতিবার এই মূল্যমান নির্ধারণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্লুরি কনসালটোরিয়া নামের একটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের হিসেবকে ভিত্তি করে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা তারকা নেইমারের নেতৃত্বাধীন ব্রাজিলীয় দলটির আর্থিক মুল্য দাঁড়িয়েছে ৫১৪.২৩ মিলিয়ন ইউরো। এপ্রিলে ঘোষিত সম্ভাব্য স্কোয়াডকে নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশ দলের মুল্য পড়েছে ৪৮৬.৯ মিলিয়ন এবং আর্জেন্টিনার মুল্য ৪৭৪.১ মিলিয়ন ইউরো।
এপ্রিলে ধার্য্যকৃত আনুমানিক ওই হিসেব অনুযায়ী ১২ জুন থেকে ১৩ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল আসরে বার্সেলেনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে বসানো হয়েছে সর্বোচ্চ মুল্যমানের খেলোয়াড়ের আসনে। যার মূল্য ধরা হয়েছে ১৩৮.১ মিলিয়ন ইউরো। ১০৭.৩ মিলিয়ন ইউরো নিয়ে পরের স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের পুর্তগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
সেই তুলনায় বেশ পিছিয়ে রয়েছেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। তার বাজার মূল্য নির্ধারিত হয়েছে ৬৭.৪ মিলিয়ন ইউরো। বায়ার্ন মিউনিখের জার্মান ফরোয়ার্ড ম্যারিও গোয়েতজের ব্যক্তিগত বাজার মূল্য নির্ধারিত হয়েছে তার পরের অবস্থানেই (৫৯.৭ মিলিয়ন)।
ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি) //জেডআই