লা লিগার ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে গত বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। এলচের বিপক্ষে ২-০ তে জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে দিয়েগো সিমেওনের দল।

শনিবার এলচের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম থেকেই নিজেদের প্রাধান্য বজায় রেখে খেলেছে অ্যাটলেটিকো। ফলে গোলের দেখা পেতে বেশি দেরিও করতে হয়নি তাদের। ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো।

আর্দা তুরানের পাস থেকে দারুণ এক শটে গোল করে দলকে প্রথম এগিয়ে নেন হোসে মারিয়ার হিমেনেস।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়াতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো।

বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ান মারিও মানজুকিচ। ম্যাচের ৫৩ মিনিটে মিডফিল্ডার গাবির পাস থেকে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ডুকে যান মানজুকিচ। এরপর মাপা শটে গোলরক্ষককে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করেন মারিও মানজুকিচ।

ম্যাচে আর কোনো গোল না হওয়াতে ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমেওনের শিষ্যরা।

উল্লেখ্য, এই জয়ে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠলো অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের সবার উপরে রিয়াল মাদ্রিদ।

কেএইচ