জেমস ফকনারের অপরাজিত ৬৯ রানের অসাধারণ ইনিংসের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
পাঁচ ম্যাচের সিরিজে তাই স্বাগতিকরা এখন ২-০ ব্যবধানে এগিয়ে। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলীয়রা ৬ উইকেটে জিতেছিল।
আগামী রোববার সিডনিতে হবে তৃতীয় ওয়ানডে।
বুধবার ব্রিসবেনের গ্যাবায় টস জিতে ব্যাট করতে নেমে ওয়েন মর্গ্যানের ষষ্ঠ শতকের সুবাদে ৮ উইকেটে ৩০০ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড।
১০৬ রান করা মর্গ্যানের ৯৯ বলের আক্রমণাত্মক ইনিংসে চার ৪টি ও ছক্কা ৬টি।
দলকে তিন শ’ রানে পৌঁছে দিতে ইয়ান বেল (৬৮) ও জস বাটলারেরও (৪৯) ভালো অবদান।
জবাবে শন মার্শ (৫৫) ও গ্লেন ম্যাক্সওয়েল (৫৪) অর্ধশতক করলেও ৪১তম ওভারের শেষ বলে ২৩৫ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া।
কিন্তু ফকনারের ব্যাটিং-বীরত্ব ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দিয়েছে মাইকেল ক্লার্কের দলকে। ৪৭ বলের দুর্দান্ত ইনিংসটা সাজানো ছিল ৫টি ছক্কা ও ৩টি চারে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০০/৮ (কুক ২২, বেল ৬৮, রুট ২, ব্যালান্স ৯, মর্গ্যান ১০৬, বোপারা ২৪, বাটলার ৪৯, স্টোকস ০, ব্রেসনান ১*, জর্ডান ২*; ম্যাক্সওয়েল ২/৩১, কোল্টার-নাইল ২/৫৫, ফকনার ২/৭৩, জনসন ১/৫৯)

অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ৩০১/৯ (ওয়ার্নার ১৮, ফিঞ্চ ০, মার্শ ৫৫, ক্লার্ক ১৭, বেইলি ২৪, ম্যাক্সওয়েল ৫৪, হ্যাডিন ২৬, কোল্টার-নাইল ১৬, ফকনার ৬৯*, জনসন ২, ম্যাকাই ২; রুট ২/৪৬, জর্ডান ২/৫৩, ব্রেসনান ২/৬৪, বোপারা ১/১৯, র্যা ঙ্কিন ১/৩৬, স্টোকস ১/৭৫)

ম্যাচ সেরা: জেমস ফকনার।