উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। বুধবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গ্যালাতাসারের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি।

এদিন ১০ জনের দল নিয়ে খেলা শেষ করে আর্সেনাল। তবে ডানিয়েল ওয়েলব্যাকের হ্যাটট্রিকে জয় পেতে কোনো সমস্যা হয়নি দলটির।

ম্যাচের ২২ মিনিটেই গোল করে এগিয়ে যায় আর্সেনাল। দলের হয়ে প্রথম গোলটি করেন ওয়েলব্যাক। অ্যালেক্সিজ সানচেজের বাড়ানো বল থেকে গ্যালাতাসারের গোলরক্ষক মুসলেরাকে বোকা বানিয়ে গোলটি করেন ওয়েলব্যাক। এর ৮ মিনিট পর ম্যাচের ৩০ মিনিটের মাথায় আবারো গোল করে ব্যবধান বাড়ান ওয়েলব্যাক।

ম্যাচের ৪১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন সানচেজ। মেসুত ওজিলের পাস থেকে বল পেয়ে ৩-০ ব্যবধানে দলকে এগিয়ে নেন চিলির এ তারকা ফুটবলার।

ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল রেখে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ওয়েলব্যাক। চেম্বারলেইনের অ্যাসিস্টে গোল করেন এ হ্যাটট্রিকম্যান। ৬০ মিনিটের মাথায় আর্সেনালের গোলরক্ষক সেজেসনিকে লাল কার্ড দেখানোর ফলে দশ জনের দলে পরিনত হয় আর্সেনাল।

নতুন গোলরক্ষক হিসেবে মাঠে নামেন অসপিনা। কিন্তু তিনি গ্যালাতাসারের খেলোয়াড় বুরাক উইলমাজের নেওয়া পেনাল্টি শট রুখে দিতে ব্যর্থ হন। এর আর কোনো গোল না হওয়ায় ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

জেডআই