লা লিগার শিরোপা জয়ের লক্ষ্যে রোববার মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ৩৭ রাউন্ডের এই ম্যাচে সাবেক চ্যাম্পিয়নদেরক ভিনসেন্ট কালদেরোনে স্বাগত জানাবে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই দুই দলের লড়াই।

বর্তমান পয়েন্ট টেবিলে ৩৬ খেলা শেষে ৯০ পয়েন্ট শীর্ষে বার্সেলোনা। আর ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল মাদ্রিদ। লিগের এখন বাকি আছে দু’টি করে খেলা। শেষ দুই ম্যাচ থেকে একটি ম্যাচ জিতলেই ২৩তম বারের মত লা-লিগার শিরোপা জিতবে বার্সেলোনা। সেক্ষেত্রে রার্নাস-আপ হয়েই এবারের মৌসুম শেষ করতে হবে রিয়ালকে।

এজন্য বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে হবে বার্সালোনাকে। সে পথে অনেকখানি এগিয়ে বার্সা। কারণ বর্তমানে ফর্মের দিক দিয়ে দুর্বার মেসি-সুয়ারেজ-নেইমাররা। গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে তারা। তাই মেজাজটা বেশ টগবগেই রয়েছে তাদের।

এছাড়া লা-লিগায় শেষ চার ম্যাচে ১৮টি গোল করেছে বার্সেলোনা। তাই সময়টা বেশ মিষ্টিই যাচ্ছে তাদের। এই সুযোগে বাজিমাত করতে চায় বার্সা। এক ম্যাচ হাতে রেখেই লা-লিগার উৎসবটা করতে মুখিয়ে আছে বার্সা শিবির বলে জানালেন দলের ডিফেন্ডার জেরার্ড পিকে, ‘এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ। এটি কাজে লাগাতে হবে। এটাই সুযোগ। কারণ দল দুর্দান্ত ফর্মে আছে। শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছি আমরা। সেরা ফর্মটা এ ম্যাচেও ধরে রাখতে পারবো আমরা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও, আমাদের দলে সেরা খেলোয়াড়রা আছে। আক্রমণভাগে মেসি, নেইমার, সুয়ারেজ দারুন ফর্মে রয়েছে। এ ম্যাচেও তারা ঝলসে উঠবে এবং বার্সার শিরোপা নিশ্চিত করবে।’

পিকের মত একই চিন্তা বার্সেলোনার বস লুইস এনরিকের। এ ম্যাচ জিতেই শিরোপা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বলে জানালেন এনরিকে, ‘দলের সবাই দারুণ ফুটবল খেলছে। পরিকল্পনা অনুযায়ী সবই হচ্ছে আমাদের। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগেও দুর্দান্ত খেলেছে সবাই। ছোট্ট একটি ভুলের কারণে ম্যাচ হেরেছি আমরা। তবে তা নিয়ে মোটেও চিন্তিত নই। এখন সময় আমাদের পক্ষে যাচ্ছে। তা কাজে লাগাতে হবে এবং লা-লীগার জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা নিশ্চিত করতে হবে।’

শিরোপা নিয়ে কোন চিন্তা নেই অ্যাটলেটিকো মাদ্রিদের। তবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে চিন্তাটা ঠিকই রয়েছে তাদের। এজন্য লিগের শেষ দুই ম্যাচ থেকে একটি জয় প্রয়োজন তাদের। সেই জয়টা বার্সেলোনার বিপক্ষে পেতে চান দলের কোচ ডিয়াগো সিমিওন, ‘মৌসুমের শেষটা ভালোভাবে করতে চাই আমরা। চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করার একটা সমীকরণও আছে আমাদের। এ ম্যাচে তা করতে পারলে দারুণ। হবে। তা করার লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা।’

অ্যাটলেটিকো মাদ্রিদের পর লিগে নিজেদের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। তবে বার্সার বর্তমান আভাস দিচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত শিরোপার জন্য অপেক্ষা করতে হবে না মেসি-নেইমার-সুয়ারেজদের। এছাড়া লিগের প্রথম দেখায় অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা।

জেডআই