অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্যে থাকছেন না বাংলাদেশের ধারাভাষ্যকর আতাহার আলী খান। বিগত দুটি বিশ্বকাপে ধারাভাষ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকলেও এবার শোনা যাবে না তার কণ্ঠ। বিশ্বকাপে না থাকার বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।

বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে বাংলাদেশ দলের ধারাভাষ্যে প্রতিনিধিত্ব করা এই তারকা বলেন, ‘বিশ্বকাপের ব্রডকাস্টিং স্পন্সর স্টার ইন্ডিয়া আমার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। তাই থাকা হচ্ছে না এবারের বিশ্বকাপে।’

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ও ২০১১ বিশ্বকাপে নিজেদের মাটিতে বাংলাদেশ দলের সঙ্গে থাকলেও এবার না থাকতে পেরে তিনি বলেন, “খারাপ লাগছে। দলকে ভীষণ মিস করব। ধারাভাষ্যে থাকতে না পারার এই হতাশার কোনো তুলনা হয় বলুন?’

তবে বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, “বাংলাদেশ দলের প্রতি রইল শুভকামনা ও দোয়া। ধারাভাষ্যে না থাকতে পারি, কিন্তু দুই-একটি ম্যাচ মাঠে গিয়ে দেখার ইচ্ছা আছে।’

২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর ম্যাচের কথা স্মরণ করে আতাহার আলী বলেন, “২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটার কথা ভুলি কীভাবে? ফেবারিটদের আমরা যেভাবে নাস্তানাবুদ করলাম, সেটা বহু দিন ধরেই মনে থাকবে। বিশেষ করে তামিম, মুশফিক ও সাকিবের তিনটি অর্ধশতকে বাংলাদেশ জয় পেয়েছিল। এখনো আল্লাহর রহমতে তিনজনই দাপটের সঙ্গে খেলে যাচ্ছে। ওই ম্যাচটা কখনোই ভোলার নয়। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্পকার্ড হিসেবেও আতাহার মানছেন এই তিনজনকেই, ‘এই তিনজন পারফর্ম করলে বাংলাদেশ দল অনেক দূর যাবে।’

জেডআই