মেসির হ্যাটট্রিক, নেইমারের উদ্বোধনী গোল আর সুয়ারেজের সমাপনী গোলে লেভান্তের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

লা লিগার লড়াইয়ে রোববার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ৫-০ গোলে জয় পেয়েছে কাতালান ক্লাবটি।

এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ আরো কাছে চলে গেল দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট অর্জন করেছে রিয়াল। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৫৬। এদিকে এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে আছে গত আসরের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

এদিন খেলার ১৭ মিনিটে মেসির দেয়া পাস থেকে গোল করে বার্সাকে লিড এনে দেন নেইমার। আর ৩৮ মিনিটে ব্রাট্রার এগিয়ে দেয়া বল পেয়ে গোল করতে ভুল করেননি মেসি। তার গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর খেলার ৫৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা। পেদ্রোর সহায়তায় করা এই গোলের ছয় মিনিটের মাথায় পেনাল্টি শট থেকে হ্যাটট্রিক করেন মেসি। এর ফলে লা লিগায় নিজের ৩০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তিনি।

৬৭ মিনিটে নেইমারের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন আরেক সেরা তারকা লুইস সুয়ারেজ। ৭৩ মিনিটে দলের শেষ গোলটি করেন তিনি। এবার তার গোলে অবদান রেখেছেন আদ্রিয়ানো।

জেডআই