লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এইবারকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

স্যান্টিয়াগো বার্নব্যুতে খেলার ২১ মিনিটে রিয়ালকে লিড এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগে চলতি মৌসুমে এটি তার ৩৮তম গোল।

খেলার ৩১ মিনিটে ব্যবধান বাড়ান হার্নান্দেজ। তার এই গোলের সুবাদে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর খেলার ৮৩ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন জেসে। বিপরীতে একটি গোলও শোধ করতে পারেনি এইবার। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান ইউরোপের চ্যাম্পিয়নরা।

এই জয়ের পরও ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট অর্জন করেছে।

জেডআই