কোপা ডেল রে'র শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে তিন তারকা মেসি, নেইমার ও সুয়ারেজের গোলে এলচের বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল বার্সেলোনা। ফলে ফিরতি লেগে তাদেরকে ছাড়াই দল সাজিয়েছিলেন কোচ এনরিক। তবুও প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়েছে বার্সা।
এই জয়ের ফলে দুই লেগ মিলে ৯-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
এদিকে অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ ২-২ গোলে ড্র করায় দুই লেগ মিলে ৪-২ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। আগামী ২৯ জানুয়ারি দল দুটি মুখোমুখি হবে।
বৃহস্পতিবার এলচের মাঠে সেরা তারকা দলে না থাকলেও লিড নিতে কোনো কষ্ট হয়নি বার্সার। খেলার ২০ মিনিটেই ম্যাথিউর গোলে এগিয়ে যায় সফরকারীরা।
৪০ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান সার্গি রবার্তো। এর তিন মিনিটের মাথায় গোল ব্যবধান ৩-০তে নিয়ে যান পেদ্রো।
বিরতির আগে ৩-০তে এগিয়ে থাকা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে সহজেই গোলের দেখা পায়নি। তবে স্বাগতিক এলচেও কোনো গোল শোধ করতে পারেনি। অবশেষে ৯০ মিনিটে দলের এক হালি গোল পূর্ণ করেন বার্সা তারকা আদ্রিয়ানো কোরেইয়া।
জেডআই





