লা লিগায় এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে ঘরের মাঠে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ৫-০ গোলের জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচে এবারও হ্যাটট্রিক করেছেন রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে চার ম্যাচে তিনটি হ্যাটট্রিক করলেন ইউরোপ সেরা এ ফুটবলার। অপর দুটি গোল করেছেন করিম বেনজেমা।

ম্যাচের তিন মিনিটেই প্রথম গোলের দেখা পান রোনালদো। ওয়েলস তারকা গ্যারেথ বেলের অ্যাসিস্টে পর্তুগিজ তারকা গোল করেন। ম্যাচের ৪১ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন ফ্রান্সের তারকা ফুটবলার বেনজেমা। লুকা মদ্রিকের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন তিনি।

রিয়াল বিরতিতে যাবার আগে ২-০ গোলে এগিয়ে ছিল। বিরতিতে থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন রোনালদো। এবার প্রথম গোলের জোগানদাতা বেল এ বলটি বানিয়ে দিয়েছিলেন।

আর ম্যাচের ৬৯ মিনিটে রোনালদো বেনজেমাকে বল বানিয়ে দিয়ে গোল করান। শেষ গোলটি আসে ম্যাচের ৮৮ মিনিটে। আর এ গোলের মধ্য দিয়ে রোনালদো তার তৃতীয় হ্যাটট্রিক পূরণ করেন। অ্যাসিস্টে ছিলেন পেপে।

এআর