পিঠের নিচের দিকে সমস্যার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপে আর খেলা হচ্ছে না ফ্রান্সের উইঙ্গার ফ্র্যাংক রিবেরির। ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম বিষয়টি নিশ্চিত করেছেন। আর তাই দলের অন্যতম নির্ভরযোগ্য এই খেলোয়াড়কে হারিয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপ বিজয়ীরা বেশ বিপাকেই পড়েছে।
২৩ সদসের চূড়ান্ত দল ঘোষণা পরে এই নিয়ে তৃতীয় ইনজুরির কবলে পড়লো লেস ব্লুজরা। ইতোমধ্যেই রিবেরি ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার ক্লেমেন্ট গ্রিয়েনারও কুঁচকির সমস্যার কারণে ব্রাজিলে যেতে পারছেন না বলে দেশম নিশ্চিত করেছেন। এর আগে জানা গেছে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে দলে জায়গা পাওয়া স্টিভ মানডানডারও বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে।
এক সংবাদ সম্মেলনে দেশম বলেছেন, ‘শুক্রবার সকালে দলীয় অনুশীলনের মাঝে রিবেরি বাধ্য হয়েই অনুশীলন থেকে বাইরে চলে যান। ব্যাথা বেড়ে যাওয়ায় তিনি আর অনুশীলন করতে পারেননি। দুপুরের পরে আমরা পরিস্থিতি খতিয়ে দেখি এবং বুঝতে পারি তার সমস্যা গুরুতর। আগামী কয়েকদিন তিনি আর অনুশীলন করতে পারবেন না।’
রিবেরি এবং গ্রিয়েনারের পরিবর্তে দলে অন্তর্ভূক্ত হয়েছেন মরগ্যান শেনেইডারলিন এবং রেমাই কাবেলা। গত ২ জুন চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় হওয়ায় এখন নতুন খেলোয়াড়ের দলভূক্তি ফিফার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী ১৫ জুন গ্রুপ-ই থেকে ফ্রান্স তাদের প্রথম ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে। এই গ্রুপের অপর দলগুলো হচ্ছে ইকুয়েডর ও সুইজারল্যান্ড।
বাছাইপর্বে রিবেরির উপর নির্ভর করেই মূলত ফ্রান্স বিশ্বকাপের টিকেট পায়। তারকা এই উইঙ্গারের কাছ থেকে এসেছে পাঁচ গোল, এছাড়া বেশি কয়েকটি গোলের সহযোগিতাও তিনি করেছেন। গত এক সপ্তাহ যাবত তিনি পিঠের নীচের দিকের সমস্যায় ভুগছেন। গত ১৭ মে তিনি বায়ার্ন মিউনিখের হয়ে বদলী খেরোয়াড় হিসেবে জার্মান কাপে সর্বশেষ মাঠে নেমেছিলেন। তাকে ছাড়াই অবশ্য বিশ্বকাপের দুটি অনুশীলন ম্যাচে লেস ব্লুজরা নরওয়েকে ৪-০ গোলে পরাজিত করলেও প্যারাগুয়ের সাথে ১-১ গোলে ড্র করে। রিবেরির স্থানে লেফট উইংয়ে ম্যাচগুলোতে খেলেছেন রিয়াল সোসিয়েদাদের এন্টোনিও গ্রিয়েনম্যান এভং নিউক্যাসেল ইউনাইটেডের ফরোয়ার্ড লোইক রেমাই। উভয়েই নিজেদের আস্থার প্রতিদান দিয়েছেন। এর মধ্যে গ্রিয়েজম্যান প্যারাগুয়ের বিপক্ষে একমাত্র গোলটি করেন।
ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি) //জেডআই