আয়ারল্যান্ডের অলরাউন্ডার জন মুনি’কে ‘মদ্যপ’ বলে খবর প্রকাশ করেছে জিম্বাবুয়ের একটি জাতীয় দৈনিক হেরাল্ড। তাই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইরিশ খেলোয়াড়রা। তবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জিম্বাবুয়ে দল।

জিম্বাবুয়ের পত্রিকাটির শিরোনামটি ছিল এমন- ‘মদ্যপ মুনি’তে বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ের বিদায়’।

গত শনিবার টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে বাউন্ডারি লাইনের কাছ থেকে একটি ‘বিতর্কিত’ ক্যাচ ধরেন জন মুনি। টিভি আম্পায়ার সেই ক্যাচটিকে ‘বৈধ’ ঘোষণা করলে জয়ের কাছাকছি গিয়েও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় জিম্বাবুয়েকে। সেই পরাজয়ে বিশ্বকাপ থেকে আফ্রিকান দেশটির বিদায়ও নিশ্চিত হয়ে যায়।

তবে মুনি’র দর্শনীয় ও ম্যাচ জয়ী ওই ক্যাচটিকে পত্রিকাটি এই বিতর্কিত শিরোনামে উপস্থাপন করে।

গত বছর ব্যক্তিগত সমস্যার কারণে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েন জন মুনি এবং এক সময় অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন তিনি। এর জের ধরে গত বছর আয়ারল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকেও বাদ দেয়া হয় তাকে।

পত্রিকায় প্রকাশিত এমন লেখার জন্য শনিবারের ম্যাচে জিম্বাবুয়ের হয়ে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা ব্রেন্ডন টেলর মুনি’র কাছে দুঃখ প্রকাশ করেন। টেলর বলেন, ‘এই ধরনের অগ্রহণযোগ্য কলামের জন্য আমি জিম্বাবুয়ের পক্ষ থেকে আয়ারল্যান্ড ক্রিকেট ও জন মুনি’র কাছে দুঃখ প্রকাশ করছি।’

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ড্যারেন ডিওট্রম এই ধরনের কলামকে অগ্রহণযোগ্য, কাণ্ডজ্ঞানহীন ও লজ্জাজনক বলে অভিহিত করেছেন।
একই ঘটনায় আয়ারল্যান্ডের ক্রিকেটারদের পক্ষ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়।

ইআর