তিন বছর পরে আর্জেন্টিনার জাতীয় দলে ফিরে এসেছেন তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজ। আর তার ফেরাটাকে ব্যর্থ হতে দেননি সতীর্থরা। বুধবার লন্ডনের বোলিয়ান গ্রাউন্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বিশ্বকাপের রানার্স-আপ দলটি।
২০১১ সালের কোপা আমেরিকায় সর্বশেষ আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তেভেজ। সাবেক কোচ আলেসান্দ্রো সাবেয়ার বিবেচনায় তিনি কোনভাবেই দলে আসতে পারেননি। কিন্তু নতুন কোচ জেরার্ডো মার্টিনোর অধীনে নিজের সাবেক ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে এসে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুভেন্টাসের এই তারকা। সার্জিও আগুয়েরোর স্থানে ৬২ মিনিটে বদলী বেঞ্চ থেকে মাঠে আসে তেভেজ।
ম্যাচের প্রথম আক্রমণটা মেসির মাধ্যমে আর্জেন্টিনা চালালেও ১১ মিনিটে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আর্জেন্টিনার বিপর্যস্ত রক্ষণভাগের সুযোগে মাটেও কোভাসিস শারবিনির দিকে বল এগিয়ে দিলে প্রথম সুযোগেই পোস্টের ডান কর্ণার দিয়ে বল জালে জড়ান ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। এক গোলে পিছিয়ে থেকে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় মার্টিনোর শিষ্যরা। আগুয়েরোর দুটি প্রচেষ্টা ক্রোয়েশিয়ান গোলররক্ষক লোভরে কালিনিচ ব্যর্থ করে দেন। প্রথমটি ছিল দারুন এক ভলি এবং দ্বিতীয় ২৫ গজ দূর থেকে শক্তিশালী ড্রাইভ। কালিনিচ এরপর এ্যাঞ্জেল ডি মারিয়ার দুর পাল্লার শটও আটকে দেন। মেসির ফ্রি-কিক রক্ষা করে তিনি আর্জেন্টাইনদের হতাশা আরো বাড়িয়ে দিয়েছিলেন।
প্রথমার্ধ পর্যন্ত ক্রোয়েশিয়া আর্জেন্টাইনদের আটকে রাখলেও বিরতির তিন মিনিট পরে তাদের আর লিড ধরে রাখা সম্ভব হয়নি। মেসির পাস থেকে আনসালডি ২৫ গজ দুর থেকে জোড়ালো শটে শেষ পর্যন্ত কালিনিচকে পরাস্ত করেন।
এরপর ৫৭ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন মেসি। বার্সেলোনার তারকার এটি ছিল ৪৫তম আন্তর্জাতিক গোল। এই একই প্রতিপক্ষের বিপক্ষে আট বছর আগে মেসি তার জাতীয় দলের গোলের খাতা খুলেছিলেন। এর কিছুক্ষন পরেই তিন বছর, তিন মাস এবং ২৮দিন পরে তেভেজ তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামেন। তাকে দেখেই সমর্থকরা দারুন উল্লাসে ফেটে পড়ে। ২০০৭ সালে এই মাঠেই সাবেক ক্লাব ওয়েস্ট হ্যামকে প্রিমিয়ার লীগের রেলিগেশন থেকে রক্ষা করেছিলেন তেভেজ।
জেডআই





