কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এবারের বিশেষ আসরের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। কিন্তু ঘরের মাটিতে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেনি তারা।
শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ‘স্বরূপে’ ফিরলো স্বাগতিকরা। কোস্টারিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই প্রথম জয় তুলে নিয়েছে দলটি।
বুধবার সকালে শিকাগোর সোলজার স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। চিরচেনা ঘরের মাঠে শুরু থেকেই বেশ আক্রমনাত্মক ছিল তারা। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় ক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর পর ৯ মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান ক্লিন্ট ডেম্পসি। এরপর ৩৭ মিনিটে জারমেইন জোনস ও ৪২ মিনিটে স্ট্রাইকার ববি উড আরও দুটি গোল করেন।
দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমনাত্মক খেলার চেষ্টা করেছে সফরকারী কোস্টারিকা। এ সময় গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে তারা। কিন্তু বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পায়নি কোস্টারিকা। উল্টো নির্ধারিত সময়ের তিন মিনিট আগে তারা আরেকটি গোল হজম করে বসে। যুক্তরাষ্ট্রের হয়ে এই গোলটি করেন বদলি হিসেবে নামা স্ট্রাইকার গ্রাহাম জুসি। শেষপর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন কোচ জার্গেন ক্লিন্সম্যান।
এবি





