ফিফা প্রেসিডেন্ট হতে চান সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারকা লুইস ফিগো। বিশ্ব ফুটবলের বর্তমান প্রধান সেপ ব্লাটারের কর্মকাণ্ডে হতাশ হয়ে এই পদে যেতে চান ৪২ বছর বয়সী সাবেক এই বিশ্বসেরা ফুটবলার।
ফিগো বলেছেন, "ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি তাকে কিছু ফেরত দিতে চাই। আমি ফিফার বর্তমান খ্যাতি দেখেছি। কিন্তু আমি তা পছন্দ করি না। ফুটবল আরো ভালো কিছু প্রত্যাশা করে।"
"ফুটবলের অনেকের সঙ্গে আমি কথা বলেছি, কথা বলেছি খেলোয়াড়, ম্যানেজার ও এসোসিয়েশন প্রেসিডেন্টদের সঙ্গে। অনেকেই আমাকে বলেছে যে কিছু করা উচিত।"
ফিগো পর্তুগালের হয়ে ১২৭ ম্যাচে মাঠে নেমেছিলেন। ২০০২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
২০০০ সালে ব্যালন ডি'অর জয়ী এই তারকা ২০০১ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও নিজের করে নিয়েছিলেন।
ব্লাটার ১৯৯৮ সাল থেকে ফিফার সর্বোচ্চ পদে আসীন রয়েছেন। এবার পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
জেডআই





