অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার বিকাল সোয়া ৩টায় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপে এই দলকে নেতৃত্বে দিবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সহযোগী হিসেবে থাকছেন অল রাউন্ডার সাকিব আল হাসান।

চূড়ান্ত তালিকা তৈরির জন্য ১৬ জনের নাম দিয়েছিলেন নির্বাচকরা। সেখান থেকে শুধু শফিউল ইসলাম বাদ পড়েছেন।

ব্যাটসম্যান ইমরুল কায়েস ও স্পিনার আব্দুর রাজ্জাক এই দলে সুযোগ পাননি।

আগামী ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। 'এ' গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ড। বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

১৫ সদস্যের বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তাইজুল ইসলাম, তাসিকন আহমেদ, আল আমিন হোসাইন, আরাফাত সানি, রুবেল হোসাইন, নাসির হোসাইন ও সাব্বির রহমান।

জেডআই