কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সালভাদরের ফন্তে নোভা স্টেডিয়ামে ‘রেড ডেভিলসদের’ বিপক্ষে লড়ছে যুক্তরাষ্ট্র। হাড্ডাহাড্ডি লড়াই করেও কেউ গোল করতে পারছে না। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর এমনই লড়াইয়ের মাঝে খেলা দেখতে হঠাৎ হোয়াইট হাউজে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ম্যাচ চলাকালে হোয়াইট হাউজে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় বারাক ওবামকে। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউজে জরুরি কোনো বৈঠকে অংশ নিতে এসে হঠাৎই খেলার রুমে ঢুকে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।
নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকায় মঙ্গলবারের দ্বিতীয় এ ম্যাচও গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত বারাক ওবামাকে হতাশ করে ম্যাচের ৯৩ মিনিটে বদলি খেলোয়াড় রোমেলু লুকাকুর কাছ থেকে পাস পেয়ে দারুণ গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে নেওয়ার স্বপ্ন দেখান বেলজিয়ামের ডি ব্রুইন।
এর কিছুক্ষণ পরই পুনরায় আরেক গোল করে ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। তখন বেলজিয়াম শিবিরে আনন্দের স্রোত। কোয়ার্টার ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত।
তবে, অল্প সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্র ১ গোল পরিশোধ করায় ব্যবধান ২-১ গোলে আসে। এ সময় খেলা যেন রীতিমতো যুদ্ধে রুপ নেয়। দুই পক্ষই প্রানপন লড়াই করতে থাকে।
কিন্তু শেষ রক্ষা আর হলো না যুক্তরাষ্ট্রের। রেফারির এক সিগনালে যেন সব শেষ হয়ে গেলো। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে আর যা্ওয়া হলো না যুক্তরাষ্ট্রের। পরাজয় মেনে নিয়েই ওবামাকেও ছাড়তে হয় খেলার রুম।
এর আগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার প্রথম রাউন্ডের শেষ খেলা উপভোগ করেন ওবামা। দক্ষিণ মিনেসোটার মিসিসিপি নদীর তীরবর্তী এলাকায় বিমান বাহিনীর একটি জাহাজের ভেতর বসে বারাক ওবামা ওই খেলা উপভোগ করেন।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেবি





