আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মিরাস্লাভ ক্লোসে। সোমবার অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির এই বিশ্বকাপ জয়ী তারকা।
কিছুদিন আগে ৩৬ বছর বয়সী ক্লোসে বলেছিলেন যে ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলে যেতে চান তিনি। কিন্তু সোমবার অনেকটা অপ্রত্যাশিতভাবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন এই স্ট্রাইকার।
বিদায় বেলায় ক্লোসে বলেছেন, "বিশ্বকাপের শিরোপা জিতে আমার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হয়েছে। জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবলে দারুণ সময় কেটেছে, অনেক সুখের স্মৃতি রয়েছে। ফুটবলের আন্তর্জাতিক অঙ্গন থেকে বিদায় নেওয়ার আগে বিশ্বকাপ জেতার মতো সুখ স্মৃতি আর অন্য কিছু হতে পারে না।"
ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বলেছেন, আমার এই সফলতার জন্য জার্মান দলের কোচ, সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানাই। কারণ তাদের সাহায্য না পেলে এ সব অর্জন সম্ভব হত না।’
২০০১ সালের মার্চ মাসে জার্মান জাতীয় দলে অভিষেক হয়েছিল ক্লোসের। এরপর দেশের হয়ে ১৩৭ ম্যাচে ৭১ গোল করেছেন। এরমধ্যে চারটি বিশ্বকাপে অংশগ্রহণ করে করেছেন ১৬ গোল। যা বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোল। ২০১৪ বিশ্বকাপে ক্লোসের এই কীর্তি গড়ার আগে রেকর্ডটির মালিক ছিলেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদো।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





