তামিম-মুশফিক জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু তামিমের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে ফিরে গেলেন মুশফিকুর রহিম। ইনিংসের দশম ওভারে মোহাম্মদ নবীর বলে স্ট্যাম্পিং হয়েছেন তিনি। ১৮ বল খেলে ২২ রান করেছেন মুশফিক। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৫ রান।
বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় এক রানে। শাপুর জাদরানের করা ইনিংসের দ্বিতীয় ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে রশীদ খানের হাতে ধরা পড়েন লিটন দাস। তিন বল খেলে এক রান করেন তিনি।
লিটন দাসের পর সাজঘরে ফিরে যান সাব্বির রহমান। ইনিংসের পঞ্চম ওভারে মোহাম্মদ নবীর বলে ওয়াইড লং-অনে সামিউল্লাহ শেনওয়ারির হাতে ধরা পড়েন তিনি। নয় বল খেলে ১৩ রান করেন সাব্বির।
বাংলাদেশ একাদশে আজ দুইটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন দুই পেসার আবু জায়েদ রাহি ও আবুল হাসান রাজু। দলে ঢুকেছেন সৌম্য সরকার ও আবু হায়দার রনি। একাদশে জেনুইন পেসার রাখা হয়েছে দুইজন। তারা হচ্ছেন রুবেল হোসেন ও আবু হায়দার রনি। আবার সৌম্য সরকার ব্যাটিংয়ের পাশপাশি পেস বলও করতে পারেন।
একাদশে জেনুইন স্পিনার হচ্ছেন নাজমুল ইসলাম অপু। তাছাড়া স্পিন বল করতে পারেন এমন বেশ কয়েকজ রয়েছেন। অধিনায়ক সাকিব আল হাসান তো বিশ্বের অন্যতম সেরা স্পিনার। সাথে মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকতও দারুণ স্পিন বল করতে পারেন। গত ম্যাচে তারা দুইজনই ভালো বল করেছেন।
এসএম





