লা লিগার ম্যাচে রবিবার রাতে বিলবাওয়ের সঙ্গে লড়াইয়ে জয়ী হয় লু্ইস এনরিকের বার্সা। ম্যাচে লিওনেল মেসির অসাধারণ পারফর্মে ৫-২ গোলের জয় মেলে তাদের।
জয়ের ফলে ২২ ম্যাচে বার্সার সংগ্রহ গিয়ে দাঁড়ালো ৫৩ পয়েন্ট। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের সংগৃহিত পয়েন্ট ৫৪।
রবিবারের ম্যাচে প্রত্যাশিত জয় পেতে শুরুর একাদশে এনরিক মাঠে পাঠান ক্লদিয়ো ব্রাভো, দানি আলভেজ, জেরার্ড পিকে, জেরেমি ম্যাথিউ, জরদি আলবা, জাভি, বাসকুয়েটস, ইভান রেকিটিক, লুইস সুয়ারেজ, নেইমার আর লিওনেল মেসিকে।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা মেসি। ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিক বিলবাওয়ের গোলরক্ষক ইরাইজজকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ২০ মিনিটের মাথায় সমতায় ফেরার সুযোগ পায় স্বাগতিকরা।
পরের মিনিটে নেইমারের বাড়ানো বল মেসি নিয়ন্ত্রণে নিয়ে বাড়িয়ে দেন সুয়ারেজকে। কিন্তু লিভারপুলের সাবেক এ তারকা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করতে ব্যর্থ হন। তার হেডটি রুখে দেন ইরাইজজ।
তবে, ২৬ মিনিটের মাথায় সুয়ারেজকে প্রতিহত করতে পারেনি বিলবাওয়ের গোলরক্ষক। সুযারেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে আবারো সুয়ারেজকে বল দেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোল করেন সুয়ারেজ। ফলে, ২-০ গোলে এগিয়ে যায় বার্সা।
খেলার ৩১ মিনিটে আবারো গোলের সম্ভাবনা জাগিয়ে তোলে বিলবাও। ২-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় কাতালানরা। বিরতি থেকে ফিরে গোল শোধ করতে মরিয়া হয়ে পড়ে বিলবাও। ম্যাচের ৫৯ মিনিটে গোলের দেখাও পেয়ে যায় স্বাগতিকরা।
মাইকেল রিকোর ডান পায়ের শটে বার্সার জালে প্রথমবারের মতো বল জড়ায়। আদুরিজের শট রুখে দেন ব্রাভো, তবে ফিরতি বল পেয়ে রিকো শট নিলে ব্যবধান কমায় বিলবাও।
খেলার ৬২ মিনিটে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন মেসি। ম্যাচের ৬৪ মিনিটে গোল করেন ব্রাজিল অধিনায়ক নেইমার। রেকিটিকের ক্রস থেকে বল পেয়ে আর্জেন্টাইন অধিনায়ক মেসি বল বাড়ান নেইমারকে। আর কোনাকুনি শটে গোল করেন নেইমার। ফলে, ৪-১ এ এগিয়ে যায় বার্সেলোনা।
খেলার ৮৬ মিনিটে মেসির অসাধারণ পাস থেকে বল পান সার্জিও বাসকুয়েটস। তিনি বল আলতো ছোঁয়ায় পাঠিয়ে দেন পেদ্রোকে। আর দলের পঞ্চম গোল করতে একটুও সময়ক্ষেপণ করেননি পেদ্রো।
ম্যাচের ব্যবধান বাড়ে ৫-২ গোলে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৫-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-নেইমাররা।
এমকে





