ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শচিন টেন্ডুলকারকে ২০১৫ আইসিসি বিশ্বকাপের দূত হিসেবে ঘোষণা দিয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইসিসি।
বাংলাদেশ, ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপের পর এক নাগাড়ে দ্বিতীয়বার আইসিসি’র সর্ববৃহৎ আসরের দূত হলেন টেন্ডুলকার।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অনুষ্ঠিতব্য বিশ্বের তৃতীয় বৃহৎ এ ক্রীড়াযজ্ঞের আইসিসি’র নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রচারণা ও সমর্থনে ২০১৫ বিশ্বকাপের দূত হিসেবে কাজ করবেন তিনি।
এ বিষয় টেন্ডুলকার বলেন, ‘গত ছয়টি আসরে অংশ নেয়ার পর আসন্ন বিশ্বকাপ আমি সাউড লাইনে বসে উপভোগ করব। তাই এটা আমার জন্য হবে ভিন্ন ধর্মী একটি অভিজ্ঞতা। এটা ১৯৮৭ বিশ্বকাপের সঙ্গে তুলনা করা যেতে পারে। কেননা সে আসরে বল বয় হিসেবে আমি প্রতিটি বলেই গলা ফাটিয়েছিলাম।'
আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেন, ‘আইসিসি তার সর্ববৃহৎ ও সবচেয়ে মর্যাদার এ টুর্নামেন্টে আবারো একবার দূত হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত আইসিসি। শচিন কেবলমাত্র ক্রিকেটারদের জন্যই নন, তার সততা, মেধা, ব্যক্তিত্ব ও অঙ্গীকারের জন্য ক্রীড়াঙ্গনের সকল ব্যক্তির জন্যই একজন উদ্বুদ্ধকারী ব্যক্তি।’
জেডআই





