বিশ্বকাপ ফুটবল থেকে অর্জিত আয় গাজার শিশুদের জন্য দান হিসেবে দিয়ে দিলেন জার্মানির জাতীয় ফুটবল দলের মুসলিম খেলোয়াড় মেসুত ওজিল। সম্প্রতি ইসরাইলের সামরিক আগ্রাসনে গাজার জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পর্যন্ত নিহত হয়েছে ২০৮ জন। 

বিশ্বকাপের ফাইনালে জয় লাভ করার কারণে পুরস্কার হিসেবে প্রত্যেক জার্মান ফুটবলারকে ৩০০,০০০ ইউরো (প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা) দিয়েছে দেশটির সরকার। এছাড়া সেমিফাইনাল ম্যাচে জয় পাওয়ায় ১৫০,০০০ ইউরো (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) পেয়েছে প্রত্যেক খেলোয়াড়।

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে কোরআন তেলাওয়াত করেন ওজিল। ম্যাচ শেষে সিজদাহ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই তারকা ফুটবলার। তার এ ছবি দু'টি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঝড় তুলেছিল।

এছাড়া, ফিফার এক কর্মকর্তা ইসরাইলকে সমর্থন করায় তার সাথে হাত মেলাতে অস্বীকার করেছিলেন তুরস্কের বংশোদ্ভুত এই মুসলিম ফুটবলার।  

উল্লেখ্য, জার্মান ফুটবল দলের সবচেয়ে দামী খেলোয়াড় মেসুত ওজিল। নান্দনিক খেলার মাধ্যমে ২০১০ সালের বিশ্বকাপে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কাড়েন। ঐ আসরে 'গোল্ডেন বলে'র জন্য তাকে মনোনীত করেছিল ফিফা।

২০১০ সালের আগস্ট মাসে ওজিলের সাথে চুক্তি হয় স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের। ২০১৩ সালের গ্রীষ্ম মৌসুমে রেকর্ড ৪২.৫ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে ৪'শ কোটি টাকা) দিয়ে তাকে কিনে নেয় যুক্তরাজ্যের ক্লাব আর্সেনাল। এর আগে কোনো জার্মান ফুটবলারকে কেনার জন্য এত বিপুল অর্থ ব্যয় করতে হয়নি কোনো ক্লাবকে। সূত্র: মিডিলিস্ট মনিটর।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) টিআই // কেবি