ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের ফাইনালে রাইজিং পুনে সুপারজায়ান্টকে ১ রানে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোববার শেষ ওভারের নাটকীয়তায় শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পেয়েছে মুম্বাই।
হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে রোহিত শর্মার মুম্বাই নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১২৯ রান তুলতে সমর্থ হয়। ১৩০ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাটে চড়ে শিরোপা জয়ের স্বপ্ন প্রায় নিশ্চিত করে ফেলেছিল পুনে।
কিন্তু দলীয় ১২৩ রানের মাথায় মনোজ তিওয়ারি ও স্মিথ আউট হলে সেই স্বপ্ন বিলীন হয়ে যায় পুনের। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৮ রানে থামে তাদের ইনিংস।
শেষ বলে জয়ের জন্য পুনের প্রয়োজন ছিল ৪ রান। তবে মিচেল জনসনের করা বলটিতে ড্যান ক্রিস্টিয়ান ২ রানের বেশি নিতে পারেননি। তৃতীয় রান নিতে গিয়ে রানআউট হয়ে যান। ফলে ১ রানের জয় পায় মুম্বাই। সেই ওভারেরই দ্বিতীয় ও তৃতীয় বলে তিওয়ারি ও স্মিথকে সাজঘরে ফিরিয়েছিলেন জনসন। সবমিলিয়ে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার। এছাড়া জসপ্রিত বুমরাহ নিয়েছেন ২ উইকেট। পুনের পক্ষে অধাইন্যক স্মিথ সর্বোচ্চ ৫১ ও আজিঙ্কা রাহানে ৪৪ রান করেছেন।
চতুর্থবারে ফাইনালে উঠে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে তারা। এর আগে ২০১৩ ও ২০১৫ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আর প্রথমবার ফাইনালে উঠে জয়ের আশা জাগিয়েও আক্ষেপে পুড়তে হয়েছে পুনেকে। অথচ চলতি আসরে ফাইনালের আগের তিনবারের দেখায় সবকটিতেই মুম্বাইকে হারিয়েছিল পুনে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দিগভ্রান্ত হয়ে পড়ে মুম্বাই। দলীয় ৮ রানেই বিদায় নেন দলটির দুই ওপেনার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। শঙ্কা তৈরি হয়েছিল একশ রানের নিচেই গুটিয়ে যাওয়ার। তবে একপ্রান্ত আগলে লড়াই করে যাচ্ছিলেন ক্রুনাল পান্ডিয়া। অষ্টম উইকেটে মিচেল জনসনকে সঙ্গে নিয়ে মান বাঁচিয়েছেন দলের। শেষ ৫.৫ ওভারে ৫০ রানের জুটি গড়েছেন দুজনে।
তাতেই স্কোরবোর্ডে সম্মানজনক সংগ্রহ দাঁড় করাতে পেরেছে দলটি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ক্রুনাল করেছেন ৩৮ বলে ৪৭ রান। জনসন অপরাজিত থাকেন ১৩ রানে। এছাড়া অধিনায়ক রোহিত ২৪, আম্বাতি রাইডু ১২ ও হার্দিক পান্ডিয়া ১০ রান করেছেন। বাকিরা কেউই দুই অঙ্কের স্কোর ছুঁতে পারেননি। পুনের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা ও ওয়াশিংটন সুন্দর।
এমএনজে





