অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সিডনিতে একটি হাসপাতালে মাত্র ২৫ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন হিউজ। এতে পুরো ক্রিকেট বিশ্বের মতো বিসিবি শোকাহত।
মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে গিয়ে প্রতিপক্ষ বোলারের বাউন্সারে মাথায় গুরুতর আঘাত পাবার পর থেকেই হাসপাতালে ছিলেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত দুইদিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
হিউজেসের এই অকাল প্রয়ানে বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ বোর্ড পরিচালকবৃন্দ তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এক বার্তায় বলেছেন, ‘লড়াকু মানসিকতার প্রতিরূপ ছিলেন ফিলিপ হিউজে এবং বিশ্ব ক্রিকেট অবশ্যই তার অনুপস্থিতি অনুভব করবে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ফিলিপের পরিবার, বন্ধু এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট পরিবারকে আমাদের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। একইসাথে তার আত্মার শান্তি কামনা করছি।’
জেডআই





