জার্মানির সাবিনে লিসিসকির বিপক্ষে কষ্টার্জিত জয়ের মাধ্যমে মিয়ামি ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। বুধবার কোয়ার্টার ফাইনালে সেরেনা ৭-৬ (৭/৪), ১-৬, ৬-৩ গেমে জয়ী হয়ে শেষ চারে জায়গা করে নেন। এটি ছিল সেরেনার ক্যারিয়ারে ৭০০তম জয়।
সেমিফাইনালে তার প্রতিপক্ষ রোমানিয়ার সিমোনা হালেপ। তৃতীয় বাছাই হালেপ কোয়ার্টার ফাইনালে স্লোয়ানে স্টিফেনসের বিপক্ষে ৬-১, ৭-৫ গেমের সহজ জয় দিয়ে শেষ চারে উঠেছেন।
সেরেনা টানা ১৯ ম্যাচ অপরাজিত আছেন। আর হালেপ এবারের মৌসুমে ২৬টি ম্যাচে মধ্যে ২৪টিতেই জয়ী হয়েছেন।
ডব্লিউটিএ ইতিহাসে অষ্টম খেলোয়াড় হিসেবে ৭০০তম ম্যাচ জয় করলেন সেরেনা। ১৪৪২ ম্যাচ জিতে এই তালিকায় শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা মার্টিনা নাভ্রাতিলোভা।
জেডআই





