ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে বুধবার সুইজারল্যান্ডের এফসি বাসেলের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে জয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। এর ফলে চ্যাম্পিয়নস লিগে টানা ১৫টি ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করলো বর্তমান চ্যাম্পিয়নরা। আর রোনালদোর গোলের সংখ্যা দাঁড়ালো ৭১টি।
বুধবার রাতে সেন্ট জ্যাকব পার্কে বিরতির দশ মিনিট আগে করিম বেনজেমার কাটব্যাক থেকে দলকে লিড এনে দেন পর্তুগীজ উইঙ্গার রোনালদো। এই গোলের মাধ্যমে মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউলের সাথে সর্বকালের সেরা গোলের রেকর্ড স্পর্শ করার যোগ্যতা অর্জন করতে পারতো। কিন্তু তার আগেই বার্সেলোনার হয়ে নিকোশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার সুবাদে ৭৪ গোল করে চ্যাম্পিয়নস লিগের গোলের রেকর্ডের মালিক এখন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।
এই জয়ের ফলে এখন পাঁচ ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ-বি এর শীর্ষ দল হিসেবেই শেষ ১৬-তে উঠলো রিয়াল।
গত সেপ্টেম্বরে ঘরের মাঠ সানতিয়াগো বার্নাব্যুতে এই বাসেলকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে কার্লো আনচেলত্তির দল এখন টানা ১৫টি ম্যাচ জয়ের নতুন ক্লাব রেকর্ড গড়লো।
জেডআই





