আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ঢাকায় এসে পৌছছে। বৃহস্পতিবার রাত ৮টায় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ এসেছে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ট্রফি পৌঁছানোর পর হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয়েছে। রাতে সেখানেই থাকবে বিশ্বকাপের ট্রফিটি।
শুক্রবার সকাল ৮টায় বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়া হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ট্রফি বরণ করে নিবেন।
সকাল ১০টা পর্যন্ত বিসিবিতেই থাকবে আকর্ষণীয় এই ট্রফিটি। এরপর বেলা ১২টায় বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ।
সেখানে ট্রফির সঙ্গে থাকবেন জাতীয় দলের তিন তারকা শামসুর রহমান, মার্শাল আইয়ুব এবং তাসকিন আহমেদ। রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফিটি প্রদর্শন করা হবে।
শনিবার দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তরে ফিরে যাবে ট্রফি।
আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ১১তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে বাংলাদেশসহ ১৪টি দল অংশ নেবে।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশে বিশ্বকাপের ট্রফি প্রদর্শিত হবে। এরই ধারাবাহিকতায় ঢাকায় এসেছে বিশ্বকাপের ট্রফি।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ





