২০২০ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ম্যাচের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সঙ্গে আইরিশ বোর্ড জানিয়েছে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা আছে।
ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১৪ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৬ ও ১৯ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্টরমন্টে।
আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট খেলার কথাও ছিল বাংলাদেশের। তবে আর্থিক সমস্যার কারণে সেটি বাতিল ঘোষণা করেছে সিআই। এর পরিবর্তে টাইগারদের সঙ্গে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে চান তারা।
আয়ারল্যান্ড ক্রিকেট টেস্ট সিরিজের বদলে টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত না করেই আজ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করলো। বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড ক্রিকেট দল নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম জানিয়েছেন তারা বাংলাদেশকে নিয়ে ইংল্যান্ডের ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চান।
২০২০ সালে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি:
১৪ মে- প্রথম ওয়ানডে- স্টরমন্ট
১৬ মে- দ্বিতীয় ওয়ানডে- স্টরমন্ট
১৯ মে- তৃতীয় ও শেষ ওয়ানডে- স্টরমন্ট
এমএম





