পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে পেশোয়ার জালমির হয়ে খেলার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে খেলা হচ্ছে না দেশসেরা এই ওপেনারের। তার পরিবর্তে পেশোয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তান গেলেন সাব্বির রহমান রুম্মন।

শ্রীলংকায় সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের আগেও পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলে এসেছেন সাব্বির। তখন খেলেছেন সাকিব আল হাসানের পরিবর্তে। আর এখন ফাইনালে খেলবেন তামিম ইকবালের পরিবর্তে।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়করাচি স্টেডিয়ামে পিএসএলের ফাইনালে পেশোয়ার জালমির মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড।

ইনজুরির কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ব্যাংককে গিয়েছিলেন তামিম। চিকিৎসক জানিয়েছেন তাকে দুই সপ্তাহ মাঠের বাইরে বিশ্রামে থাকতে হবে। নিজের ক্রিকেট ক্যারিয়ারের কথা চিন্তা করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসরণ করতে গিয়ে পিএসএলের ফাইনালে খেলতে পারছেন না তামিম।

পিএসএলের চলমান আসরে পেশোয়ারের হয়ে ৬ ম্যাচ খেলে ১৬১ রান করেছেন বাঁহাতি এ ওপেনার।

এসএম