ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ম্যান ইউ ২-০ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে এবং লিভারপুল ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।
আগের ম্যাচেই সাউদাম্পটনের কাছে হারের ঢেকুঁর তুলেছিল ম্যান ইউ। তাই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা ভালো অবস্থায় ধরে রাখতে এ ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল তাদের। শেষপর্যন্ত সফল হয়েছে ম্যান ইউ।
নিজেদের মাঠে খেলার সুবিধাটা ভালোভাবে কাজে লাগাতে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে কুইন্স পার্ক রেঞ্জার্স। ফলে বেশক’টি ভালো আক্রমণ করে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ম্যান ইউ। তবে দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে ঠিকই গোল পেয়ে যায় তারা। বেলজিয়ামের মিডফিল্ডার মারোনি ফেলানি ছিলেন গোলদাতা।
১-০ গোলে এগিয়ে থাকায় কিছুটা রক্ষনাত্মক হয়ে যায় ম্যান ইউ। তবে ইনজুরির সময়ে আবারো গোলের সুর্বন সুযোগ পায় তারা। আর ঐ সুযোগকে যথাযথভাবেই কাজে লাগিয়েছেন ইংল্যান্ডে স্ট্রাইকার জেমস এ্যান্থোনি উইলসন। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ।
টেবিলের সপ্তমস্থানে উঠার লক্ষ্য নিয়ে সফরকারী হিসেবে অ্যাস্টন ভিলার মুখোমুখি হয় লিভারপুল। ম্যাচের ২৪ মিনিটেই লিভারপুলকে চালকের আসনে বসিয়ে দেন ইতালির স্ট্রাইকার ফ্যাবিও বোরিনি। এরপর দ্বিতীয় গোলের জন্য ঘাম ঝড়াতে হয়েছে লিভারপুলকে। এসময় পাল্লা দিয়ে লড়াই করেছে অ্যাস্টন ভিলা। বল দখলেও পারদর্শী ছিল তারা।
কিন্তু ম্যাচের বয়স যখন ৭৯, ঠিক তখন অ্যাস্টন ভিলার রক্ষণদূর্গ ভেঙ্গে লিভারপুলকে ২-০ গোলে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার রিকি ল্যাম্বার্ট। শেষপর্যন্ত এই স্কোরলাইন বজায় রেখে অ্যাকাউন্টে তিন পয়েন্ট যোগ করে লিভারপুল।
এই ম্যাচ শেষে ২২ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহে নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে ম্যান ইউ। আর সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে থাকতে হচ্ছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে। ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সংগ্রহ ২১ খেলায় ৪৭ পয়েন্ট।
এদিকে ২২ খেলা শেষে ৩৫ পয়েন্ট সংগ্রহে নিয়ে টেবিলের সপ্তমস্থানে উঠে এলো লিভারপুল। আর সমানসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানেই থাকতে হচ্ছে অ্যাস্টন ভিলাকে।
জেডআই





